ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পুলিশের সাবেক আইজিপি এওয়াইবিআই সিদ্দিকী মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এওয়াইবিআই সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার দিনগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।  তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


এওয়াইবিআই সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


মরহুমের প্রথম জানাজা রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি ড. বেনজীর আহমেদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।  জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।


পরে আইজিপি ড. বেনজীর আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারাও পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।


জানাজা শেষে পুলিশের ব্যাবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়েছে। সেখানে রোববার বাদ আছর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাবেক আইজিপি ও সচিব এ ওয়াই বি আই সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

ads
ads
ads

Our Facebook Page

↑